বাংলাদেশ লাস্ট হাউস (Bangladesh Last House) বা বাংলাদেশের শেষ বাড়ি সিলেট জেলার তামাবিল বাংলাদেশ-ভারত সীমান্তের জৈন্তিয়া হিল রিসোর্টের পাশে অবস্থিত জনপ্রিয় একটি পর্যটন স্পষ্ট। এটি বাংলাদেশ-ভারত সীমান্তের ঠিক আগে অবস্থিত একটি বাড়ি। এই বাড়ির নেই জালানা-দরজা, প্রকৃতির মাঝে খোলা একটি বাড়ি। বাড়ির সাইনবোর্ডে বড় ইংরেজি অক্ষরে লেখা আছে BANGLADESH LAST HOUSE.
বাংলাদেশের অন্য ভারত সীমান্তে খোঁজ করলে এমন সীমান্ত ঘেঁষা অনেক বাড়ি খুঁজে পাওয়া যাবে কিন্তু সিলেট তামাবিল জৈন্তিয়া হিল রিসোর্টের পাশে অবস্থিত এই বাড়িটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় পর্যটন আকর্ষণ হয়ে উঠেছে। এখানে পর্যটক গিয়ে ছবি ও ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে।
চারপাশে শান্ত প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যখানে এই বাড়ি থেকে মেঘালয় রাজ্যের সবুজ উঁচু পাহাড় ও দুইটি জলপ্রপাত দেখা যায়। এসব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন শতশত পর্যটক বাংলাদেশ লাস্ট হাউসে ঘুরতে যায়।

বাংলাদেশ লাস্ট হাউস কিভাবে যাবেন
বাংলাদেশ লাস্ট হাউস জৈন্তাপুর সিলেট যেতে হলে প্রথমে আপনাকে সিলেট আসতে হবে। ঢাকা থেকে বাস, ট্রেন ও বিমানে খুব সহজে সিলেট যেতে পারবেন।
বাসে ঢাকা থেকে সিলেটঃ ঢাকার সায়েদাবাদ, মহাখালী বা ফকিরাপুল বাস টার্মিনাল থেকে মামুন পরিবহন, হানিফ পরিবহন, এনা পরিবহন, বিলাস পরিবহন, লন্ডন এক্সপ্রেস, সোহাগ পরিবহন, শ্যামলী পরিবহন সহ সিলেটগামী যেকোনো পরিবহনে চড়ে সরাসরি সিলেট যেতে পারবেন। যেতে সময় লাগবে ৫-৬ ঘন্টা, ভাড়া নন-এসি ৮০০ টাকা, এসি ১,১০০ টাকা এবং স্লিপার ১,৫০০ টাকা।
ট্রেনে ঢাকা থেকে সিলেটঃ ঢাকার কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশন থেকে উপবন এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস ও জয়ন্তিকা এক্সপ্রেস সিলেট যায়। সিট ভেদে ভাড়া ৪১০-১,৪৬৫ টাকা। অনলাইনে ট্রেনের টিকিট পেয়ে যাবেন। পারাবত এক্সপ্রেস সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার।
বিমানে ঢাকা থেকে সিলেটঃ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট ওসমানী বিমানবন্দর সরাসরি বিমানে যেতে পারবেন। প্রতিদিন ঢাকা থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্স, এয়ার অ্যাস্ট্রা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ বেশ কয়েকটি বিমান সিলেট যাতায়াত করে। বিমান ভাড়া সিট ক্লাস ভেদে ৩৯০০-৫,০০০ টাকা পর্যন্ত। যেতে সময় লাগে প্রায় ৫০ মিনিট।
সিলেট থেকে বাংলাদেশ লাস্ট হাউস যাওয়া উপায়
সিলেট শহরের যেকোনো স্থান থেকে জাফলংগামী সিএনজি করে জৈন্তা হিল রিসোর্ট যেতে হবে। রিসোর্ট থেকে ১০ মিনিটের পথ পায়ে হেঁটে বাংলাদেশের শেষ বাড়ি যেতে পারবেন। পথ চিনতে ভুল হলে স্থানীয় মানুষের সাহায্য নিবেন। তাছাড়া পথে আপনি অনেক পর্যটকদের সেখানে যেতে দেখতে পাবেন।
এছাড়া সিলেট থেকে লোকাল বাসে চড়ে শিবগঞ্জ এসে জনপ্রতি ৮০ টাকা ভাড়া দিয়ে জৈন্তা হিল রিসোর্টে পৌঁছে সেখান থেকে বাংলাদেশ লাস্ট হাউজ যেতে পারবেন। সবচেয়ে ভালো হয় সিলেট শহরের আম্বরখানা পয়েন্ট থেকে ১৫০০-২০০০ টাকায় রিজার্ভ সিএনজি ভাড়া করে আশেপাশের দর্শনীয় স্থান সমূহ ঘুরে দেখে আসতে পারেন।
কোথায় থাকবেন
রাতে থাকার জন্য জৈন্তা হিল রিসোর্ট বেশ জায়গা হবে। ২৫০০-৮০০০ টাকার মধ্যে থাকতে পারবেন। এছাড়া জাফলং জিরো পয়েন্ট গিয়ে সেখান হোটেল ও গেস্ট হাউজে থাকতে পারবেন।
অধিকাংশ পর্যটক সিলেট শহর থেকে রিজার্ভ সিএনজি বা প্রাইভেটকার ভাড়া নিয়ে দিনে ঘুরে দিনে ফিরে আসে। সিলেট শহরের থাকার জন্য দরগা গেইট, আম্বরখানা পয়েন্ট, উপশহর, কদমতলী বিভিন্ন মানের হোটেলে থাকতে পারেন।
কোথায় খাবেন
জৈন্তা হিল রিসোর্টে সব ধরনের খাবার খেতে পারবেন। এছাড়া জাফলং জিরো পয়েন্ট গিয়ে সেখান থেকেও খাবার খেতে পারেন। সিলেট শহরের খাবার জন্য জিন্দাবাজার এলাকায় পানসী রেস্টুরেন্ট, পাঁচ ভাই রেস্টুরেন্ট ও পালকি রেস্টুরেন্ট থেকে পছন্দসই খাবার খেতে পারেন।


