পর্যটক বাংলাদেশ

দিয়াবাড়ি দর্শনীয় স্থান

দিয়াবাড়ি দর্শনীয় স্থান

দিয়াবাড়ি রাজধানী ঢাকার উত্তরা ১৫ ও ১৬ নম্বর সেক্টরে অবস্থিত একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র। দিগন্ত জোড়া খোলা সবুজ মাঠ, নীল আকাশ, কাশবন, লেক, বটগাছ, পার্ক সব মিলিয়ে দিয়াবাড়ি হয়ে উঠেছে ঢাকার সেরা প্রকৃতিক বিনোদন কেন্দ্র। ঢাকার কোলাহল ছেড়ে একটু প্রশান্তির সাথে প্রকৃতির সাথে সময় কাটাতে সেরা গন্তব্য উত্তরা দিয়াবাড়ি। দিয়াবাড়ি ঘুরে দেখার জন্য বেশ কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে। আজকের আর্টিকেলে আমরা জানবো দিয়াবাড়ি দর্শনীয় স্থান সমূহ সম্পর্কে।

দিয়াবাড়ি দর্শনীয় স্থান

উত্তরা দিয়াবাড়ি ঘোরাঘুরি করার জন্য জনপ্রিয় দর্শনীয় স্থানগুলো হল –

দিয়াবাড়ি লেক

দিয়াবাড়ির প্রধান আকর্ষণ হলো লেক। দিয়াবাড়ির পাশে বহে যাওয়া তুরাগ নদী থেকে সৃষ্টি মৃত শাখা নদীকে রাজউক কর্তৃপক্ষ সংস্থার করে দৃষ্টিনন্দন লেক তৈরি করে। লেকের জলে কায়াকিং ও নৌকায় ভেসে বেড়াতে পারবেন। কায়াকিং এর জন্য দিয়াবাড়ি বেশ জনপ্রিয়। লেকের চারপাশে হাঁটার জন্য সুন্দর ওয়ার্কওয়ে তৈরি করা হয়। ঢাকা মেট্রোরেল এমআরটি লাইন-৬ দিয়াবাড়ির উপর দিয়ে যাতায়াত করে। তাই লেক থেকে মেট্রোরেল ছুটে চলার দারুণ দৃশ্য দেখতে পাবেন।

দিয়াবাড়ি বটতলা

লেকের পাশে সুবিশাল একটি বটগাছ আছে, যা সকলের কাছে দিয়াবাড়ি বটতলা নামে পরিচিত। এখানে বিভিন্ন সময় দেশি নাটক, সিনেমা ও শর্টফ্লিমের শুটিং হয়। ভাগ্য ভালো থাকলে আপনার পছন্দের অভিনেতা বা অভিনেত্রীর সাথে দেখা হয়ে যেতে পারে।

দিয়াবাড়ি কাশফুল বন

দিয়াবাড়ি সবুজ খোলা মাঠের বুক চিরে রয়েছে কাশফুল বন। শরৎকালে দিয়াবাড়ি কাশফুল বনে কাশফুল দেখতে পাবেন। এ সময় প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীরা দিয়াবাড়ি কাশফুলের সৌন্দর্য উপভোগ করতে এখানে আসেন। উপরে নীল আকাশ, সারি সারি কাশফুল, চারপাশে সবুজ প্রকৃতি সব মিলে অপূর্ব এক রূপ।

ফ্যান্টাসি আইল্যান্ড

ঢাকা উত্তরা ১৫ নম্বর সেক্টর দিয়াবাড়িতে অবস্থিত ফ্যান্টাসি আইল্যান্ড পার্ক। এটি মূলত শিশু পার্ক হলেও সব বয়সী মানুষের বিনোদনের ব্যবস্থা আছে। ফ্যান্টাসি আইল্যান্ডের প্রবেশ টিকেট মূল্য ২০০ টাকা। ভিতরে প্রতিটি রাইডের জন্য আলাদা মূল্য আছে।

দিয়াবাড়ি ভাসমান পার্ক রেস্তোরাঁ

দিয়াবাড়ি অন্যতম একটি দর্শনীয় স্থান হলো দিয়াবাড়ি ভাসমান রেস্তোরাঁ। পানির উপর তৈরি করা ভাসমান এই রেস্তোরাঁয় বিভিন্ন রঙের ঘর বানানো হয়েছে। যেখানে বসে আপনি প্রিয়জনের সাথে গল্প ও বিভিন্ন ধরনের খাবার খেতে খেতে সময় কাটাতে পারবেন।

স্ট্রিট ফুড ও রেস্তোরাঁ

লেকের পাড়ে ও বটতলার আশেপাশে অনেক স্ট্রিট ফুড ও দৃষ্টিনন্দন রেস্তোরাঁ আছে। এসব রেস্তোরাঁ থেকে ফাস্টফুড সহ বিভিন্ন ধরনের খাবার খেতে পারবেন। শেষ বিকালে সূর্যাস্তের দারুণ দৃশ্য উপভোগ করতে করতে রেস্তোরাঁয় বসে বিভিন্ন ধরনের খাবার খেতে পারবেন।

মেট্রোরেল ও উড়োজাহাজ

খুব কাছ থেকে ঢাকার মেট্রোরেল ও উড়োজাহাজ দেখতে চান তাদের জন্য সেরা স্থান দিয়াবাড়ি। এখানে মেট্রোরেল এমআরটি লাইন-৬ দিয়াবাড়ির উপর দিয়ে চলাচল করে। তাই মেট্রোরেল ছুটে চলার দারুণ দৃশ্য উপভোগ করতে পারবেন। এছাড়া কিছুক্ষণ পরপর মাথার উপর দিয়ে উড়োজাহাজ উড়ে যেতে দেখতে পাবেন।

দিয়াবাড়ি কিভাবে যাবেন

ঢাকার যেকোনো স্থান থেকে উত্তরা দিয়াবাড়ি যাওয়ার সবচেয়ে সহজ ও জনপ্রিয় মাধ্যম হলো মেট্রোরেল। এছাড়া বাস, সিএনজি বা ব্যাক্তিগত গাড়ি নিয়ে যেতে পারবেন।

ঢাকার ফার্মগেট, মতিঝিল, মিরপুর বা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মেট্রোরেল চড়ে সর্বশেষ উত্তরা সেন্টার স্টেশন নেমে যাবেন। মেট্রোরেল স্টেশন থেকে নেমে রিকশা, ইজিবাইক, সিএনজি বা লেগুনা করে দিয়াবাড়ি যেতে পারবেন। রিকশা ভাড়া ৩০-৫০ টাকা, সিএনজি ভাড়া ২০ টাকা।

এছাড়া ঢাকার যেকোনো স্থান থেকে উত্তরা বা টঙ্গীগামী বাসে চড়ে উত্তরা হাউস বিল্ডিং নেমে যাবেন। সেখান থেকে জনপ্রতি ৩০ টাকা লেগুনা ভাড়া দিয়ে দিয়াবাড়ি আসতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top