ঢাকা শহরের কোলাহল ছেড়ে একটু প্রশান্তির জন্য একদিন সময় নিয়ে ঘুরে আসতে পারেন ফ্যান্টাসি আইল্যান্ড (Fantasy Island) থেকে। ঢাকার উত্তরা দিয়াবাড়ি ১৫ নম্বরে সেক্টরে তিন একর জায়গার উপর অবস্থিত ফ্যান্টাসি আইল্যান্ড এমিউজমেন্ট পার্ক।
ছোট-বড় সব বয়সী মানুষের বিনোদনের কথা মাথায় রেখে পার্কে ২৩টির বেশি রাইডের ব্যবস্থা করা হয়েছে। তবে অধিকাংশ রাইডগুলো শিশুদের জন্য সাজানো হয়েছে। পার্কের রাইডগুলোর মধ্যে বাম্পার কার, অক্টোপাস, মিনি কার, ম্যারি গো রাউন্ড, লেডি বাগ, পিলড্রেন ট্রেন, জাম্পিং ফ্যান্টাসি, টু হুইলার স্কুটি, বানজি জাম্প, বে পাইরেট শিপ, স্কাই ফল, সেল্ফ কন্ট্রোল প্লেন, এনিমেল কিডি রাইড, পেন্ডুলাম উল্লেখযোগ্য।
ফ্যান্টাসি আইল্যান্ড পার্কে রাইডের পাশাপাশি আধুনিক সুইমিং কমপ্লেক্স, থ্রিডি ম্যাজিক থিয়েটার সহ খাবার জন্য আধুনিক রেস্তোরাঁ ও ফুড কর্ণার আছে। ঢাকার খুব কাছে হওয়ায় দর্শনার্থীরা খুব সহজে পার্কে এসে আনন্দ উপভোগ করার পাশাপাশি সময় কাটাতে পারেন।
ফ্যান্টাসি আইল্যান্ড প্রবেশ টিকিট মূল্য ও সময়সূচী
ফ্যান্টাসি আইল্যান্ড পার্কে জনপ্রতি প্রবেশ টিকিট মূল্য ২০০ টাকা। পার্কের ভেতরে রাইড উপভোগ করার জন্য আলাদা টিকিট কাটতে হয়। শিশুদের জন্য ৫০০ টাকার একটি অন-ইন প্যাকেজ আছে, যেখানে ৬ টি রাইড উপভোগ করতে পারবেন। সুইমিংপুল উপভোগ করার জন্য জনপ্রতি ৪০০ টাকার টিকেটে ১ ঘন্টা ৩০ মিনিট সময় কাটাতে পারবেন।
ফ্যান্টাসি আইল্যান্ড এমিউজমেন্ট পার্ক প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ৯ টা পর্যন্ত খোলা থাকে।
যোগাযোগ তথ্য
- ফ্যান্টাসি আইল্যান্ড এমিউজমেন্ট পার্ক
- উত্তরা ৩য় ফেজ সংযোগ সড়ক দিয়াবাড়ি সোনারগাঁও জনপথ ঢাকা – ১২৩০
- মোবাইল নাম্বারঃ 01841-242712, 01841-242700, 01841-242707
- ইমেইলঃ fantasyislandbd@gmail.com
- ফেসবুক পেজ | ওয়েবসাইট
ফ্যান্টাসি আইল্যান্ড কিভাবে যাবেন
রাজধানী ঢাকার যেকোনো স্থান থেকে খুব সহজে ফ্যান্টাসি আইল্যান্ড পার্কে যেতে পারবেন। ঢাকার যেকোনো মেট্রোরেল স্টেশন থেকে মেট্রোরেলে চড়ে উত্তরা দিয়াবাড়ি স্টেশনে নেমে যাবেন। সেখান থেকে সিএনজি বা অটোরিকশা করে ৫-৭ মিনিটে পার্কে যেতে পারবেন।
এছাড়া গুলিস্তান, মতিঝিল, মিরপুর, ফার্মগেট সহ ঢাকার বিভিন্ন স্থান থেকে উত্তরাহামী বাসে চড়ে উত্তরা হাউস বিল্ডিং (মাসকট প্লাজার পাশে) এলাকায় নেমে যাবেন। হাউস বিল্ডিং থেকে সোনারগাঁও জনপথ ধরে পশ্চিম দিকের খালপাড় ব্রিজ পার হলে দেখতে পাবেন ফ্যান্টাসি আইল্যান্ড পার্কের মূল গেইট। হাউস বিল্ডিং থেকে রিকশা করে ৫ মিনিটের পথ।
কোথায় খাবেন
ফ্যান্টাসি আইল্যান্ডের ভেতরে খাবারের জন্য রেস্তোরাঁ ও ফুড কর্ণার আছে। এখান থেকে সুস্বাদু খাবার খেতে পারবেন।


